আজ থেকে সারাদেশে চিরুনি অভিযান, লক্ষ্য অপরাধী ও সন্ত্রাসীদের আটক করা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

আজ থেকে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। অপরাধী ও সন্ত্রাসীদের আটক করা এই অভিযানের মূল লক্ষ্য বলে জানান তিনি।
রোববার (১৩ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, "খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।"
পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে বলে উল্লেখ করেন তিনি।
এক্ষেত্রে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য উল্লেখ করে তিনি বলেন, সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে।

For all latest news, follow The Financial Express Google News channel.