
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে দ্বীপ উপজেলা সন্দ্বীপের চার লাখ বাসিন্দার দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় নবনির্মিত ফেরি পন্টুন ও ফেরি চলাচলের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ভার্চুয়াল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আজ এ মাইলফলক অর্জনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ৫০ বছরেও যে কাজ হয়নি, সেটা খুব কম সময় হয়েছে। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি।’
এর আগে সকাল সাড়ে ৮টার পর সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে পৌঁছায় উপদেষ্টাদের গাড়িবহর। সকাল ৯টায় সন্দ্বীপের উদ্দেশ্যে ফেরি ‘কপোতাক্ষ’ যাত্রা শুরু করে। ১০টায় সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ফেরি পৌঁছানোর পর স্থানীয় বাসিন্দারা উপদেষ্টাদের স্বাগত জানান। ফেরি থেকে নেমে গুপ্তছড়া ঘাটের নামফলক উন্মোচন করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
দ্বীপবাসীর উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘দ্বীপের মানুষের জীবনযাত্রা অনেক কঠিন। অনেক ঝড়-ঝঞ্ঝাট মোকাবিলা করে আপনাদের টিকে থাকতে হয়। আমি এ এলাকারই মানুষ। আমি খুব কাছ থেকে আপনাদের জীবন দেখেছি। সরাসরি গাড়ি চলাচল করার কোনো ব্যবস্থা ছিল না। অ্যাম্বুলেন্স না থাকায় অনেক রোগী সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মারা যায়। কী দুঃখের কথা! আমরা এ সভ্য জগতে আছি, কিন্তু যাতায়াতের অভাবে আমরা একজন রোগীকে নিরাপদে হাসপাতালে নিয়ে যেতে পারিনি।’
সন্দ্বীপ বাংলাদেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে জানিয়ে তিনি বলেন, ‘সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কুমিরা-গুপ্তছড়া ঘাট উন্মুক্ত, ঢাকা থেকে সরাসরি বাস চালু, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ ও নৌপথে নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ছোট ছোট উদ্যোগ সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে। এভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। সন্দ্বীপ এ অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে।

For all latest news, follow The Financial Express Google News channel.