ইউক্রেইনে যুদ্ধবিরতি করতে রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ইউক্রেইন যুদ্ধ বন্ধে ৫০ দিনের মধ্যে রাশিয়া চুক্তি করতে রাজি না হলে ‘খুবই মারাত্মক’ শুল্কের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজে সোমবার নেটো জোটের মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে বৈঠককালে ট্রাম্প বলেন, “ইউক্রেইন যুদ্ধ নিয়ে আমি রাশিয়ার ওপর একেবারেই খুশি নই। ৫০ দিনের মধ্যে চুক্তি করতে না পারলে আমরা খুবই গুরুতর শুল্ক আরোপ করব।”
রাশিয়ার ব্যবসায়িক অংশীদারদের ওপর এই সেকেন্ডারি শুল্ক আরোপ হবে জানিয়ে ট্রাম্প বলেন, এই শুল্ক হবে ১০০ শতাংশ।
ইউক্রেইন যুদ্ধ বন্ধে চুক্তি কয়েকমাস আগেই হয়ে যেত বলে ট্রাম্প ভেবেছিলেন। কিন্তু তা না হওয়ায় ট্রাম্প জানান, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশ।
এ পরিস্থিতির ভিত্তিতেই যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর সেকেন্ডারি শুল্ক চাপাতে চলেছে, বলেন ট্রাম্প। এই শুল্ক আরোপ হবে সেইসব দেশ এবং প্রতিষ্ঠানের ওপর যারা রাশিয়ার রপ্তানি পণ্য কেনে।
ফলে এই শুল্কের প্রভাবে চড়া মূল্য দিতে হতে পারে চীন, ভারত, ব্রাজিল ও তুরস্কের মতো দেশগুলোকে, যারা তাদের জ্বালানি প্রকল্পের জন্য রাশিয়ার জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল।
ইউক্রেইনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যে মস্কোর বিরুদ্ধে সেকেন্ডারি শুল্ক আরোপে ট্রাম্পের এই হুমকি এটিই প্রথম নয়। তবে এবার ট্রাম্প এই হুমকির সঙ্গে রাশিয়াকে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন।
একইসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে তার বাড়তে থাকা হতাশাও প্রকাশ করেছেন। এর আগে গত মার্চে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।

For all latest news, follow The Financial Express Google News channel.