
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সময় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশে সংস্থাটির চলমান নানা কার্যক্রম সম্পর্কে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে—স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি, কর্মসংস্থান সৃষ্টি, অভিবাসন, জলবায়ু অর্থায়ন, ওয়ান হেলথ প্রোগ্রাম এবং নির্বাচন সংশ্লিষ্ট সহায়তা।
সাক্ষাৎকালে গোয়েন লুইস রোহিঙ্গা সংকট মোকাবিলায় অর্থায়নের ক্রমবর্ধমান ঘাটতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। তিনি জানান, এই ঘাটতি মোকাবিলায় জাতিসংঘ ব্যয় ব্যবস্থাপনায় আরও দক্ষতা আনার পাশাপাশি অর্থ সংগ্রহে বিভিন্ন উদ্যোগ চালিয়ে যাচ্ছে।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জাতিসংঘের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, উন্নয়ন ও মানবিক কার্যক্রমে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সঙ্গে টেকসই অংশীদারত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

For all latest news, follow The Financial Express Google News channel.