জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে সপরিবারে সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীসহ তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।
একই আদেশে তার স্ত্রী রেহান চৌধুরী, ছেলে হামদাদ হোসেন ও আরাজ আলম এবং মেয়ে রাইমা চৌধুরী ও আলিশা বাবর চৌধুরীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ রোববার (২৫ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম।
আবেদনে বলা হয়, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থনৈতিক অপরাধের মাধ্যমে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
অনুসন্ধানকালে পাওয়া তথ্য অনুযায়ী, তার এবং তার পরিবারের সদস্যদের নামে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এবং দেশের বাইরে কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে।
এছাড়া, তারা দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছেন এবং সম্পত্তি হস্তান্তরেরও চেষ্টা করছেন বলে তথ্য মিলেছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া অত্যন্ত প্রয়োজন।

For all latest news, follow The Financial Express Google News channel.