কালিয়াকৈরে কৃষি ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ ও নির্যাতনের নিন্দা জেবিএবির

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুস সবুরকে অপহরণ, মুক্তিপণ আদায় এবং ভল্টের চাবির জন্য নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)।
রোববার সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় বগুড়ার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য পরিবহনের অপেক্ষায় ছিলেন আব্দুস সবুর। এ সময় একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহরণকারীরা প্রায় চার ঘণ্টা ধরে চলন্ত মাইক্রোবাসে তাঁর চোখ-মুখ ও হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে নৃশংস নির্যাতন চালায়।
ভল্টের চাবির জন্য তাঁকে মারধর করা হয় এবং তাঁর মুঠোফোন ব্যবহার করে স্বজনদের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। পরে রাত ১০টার দিকে তাঁকে গুরুতর আহত অবস্থায় চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে ফেলে রেখে যায় অপহরণকারীরা। তিনি বর্তমানে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জেবিএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্যসচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নেতারা বলেন, প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস ঘটনায় সারা দেশের ব্যাংকারদের মধ্যে, বিশেষ করে শাখা ব্যবস্থাপক ও ক্যাশিয়ারদের মধ্যে, চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সংগঠনটি ব্যাংক ব্যবস্থাপকদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্যাশ ভল্টের চাবি বহনকারীদের জন্য ঝুঁকিভাতা এবং পদোন্নতির ক্ষেত্রে নির্দিষ্ট পয়েন্ট ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে। একই সঙ্গে আহত আব্দুস সবুরের চিকিৎসার পুরো ব্যয় বহনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জেবিএবি।

For all latest news, follow The Financial Express Google News channel.