কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহের শেষ পর্যায়ে ঢাকা, বাইরের সরবরাহের অপেক্ষায় আড়তগুলো

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ঢাকার আড়তগুলোতে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রাজধানীতে এখন পর্যন্ত প্রায় ৭৫ হাজার চামড়া সংগ্রহ করা সম্ভব হয়েছে। যদিও ব্যবসায়ীদের লক্ষ্য ছিল এক লাখের বেশি চামড়া সংগ্রহের।
আজ শুক্রবার (১৩ জুন) এই সংগঠনের সভাপতি মঞ্জুরুল হাসান জানান, এবার কোরবানির সংখ্যা কম হওয়ায় চামড়া কেনার লক্ষ্য পূরণ হয়নি। এখন তারা ঢাকা জেলার বাইরের চামড়ার জন্য অপেক্ষা করছেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দিন থেকে পরবর্তী ১০ দিন দেশের অন্যান্য জেলা থেকে ঢাকায় কাঁচা চামড়া আনা নিষিদ্ধ। ফলে এই সময়ে শুধু ঢাকা জেলার চামড়া রাজধানীর পোস্তা, সাভারসহ বিভিন্ন আড়তে কেনাবেচা হচ্ছে। ঢাকার বাইরে থেকে চামড়া আসবে আগামী সোমবার থেকে।
মঞ্জুরুল হাসান আরও বলেন, সারাদেশেই এবার কোরবানি কম হওয়ায় ঢাকার বাইরের চামড়ার সরবরাহও কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে পশু কোরবানি হয়েছে ৯১ লাখের কিছু বেশি। গত বছর এই সংখ্যা ছিল ১ কোটি ৪ লাখেরও বেশি। শুধু ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় গতবার ১২ লাখ পশু কোরবানি হলেও এবার তা নেমে এসেছে ৬ লাখে।

For all latest news, follow The Financial Express Google News channel.