
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

সাভারের জিরানি বাজারের গোয়ালবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন এক দম্পতি। আহতরা হলেন মিন্টু (৩৫) ও তার স্ত্রী ববিতা (৩০)।
রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে । বিস্ফোরণের পর তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে দুজনকেই ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
দগ্ধ ববিতার ভাই প্রেমানন্দ জানান, তার বোন ও দুলাভাই গার্মেন্টসে কাজ করতেন। ঘটনার সময় রান্নার জন্য গ্যাস ব্যবহার করছিলেন ববিতা। হঠাৎ করে সিলিন্ডার বিস্ফোরিত হলে তারা দুজনই দগ্ধ হন। বর্তমানে তাদের তিন সন্তান রয়েছে—দুই ছেলে ও এক মেয়ে। মিন্টুর বাড়ি কুড়িগ্রামে হলেও বর্তমানে পরিবারসহ তারা সাভারের জিরানি বাজার গোয়ালবাড়িতে বসবাস করছিলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিন্টুর শরীরের ৬০ শতাংশ এবং ববিতার ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি উল্লেখ করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.