শেখ হাসিনাকে কটূক্তির মামলা থেকে অব্যাহতি পেলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ফেসবুক লাইভে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় অব্যাহতি পেয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। আজ রোববার (২০ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন।
আজ এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য থাকলেও কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় রাশেদের আইনজীবী জাহেদুর রহমান মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে মামলায় দায় থেকে অব্যাহতি দেন।
এর আগে ২০২১ সালের ২২ নভেম্বর আদালত আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয় ২০১৮ সালের ২৭ জুন ‘কোটা সংস্কার চাই’ নামের একটি ফেসবুক গ্রুপের লাইভে রাশেদ খান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য ও মিথ্যা তথ্য দেন। পরে এসব মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আইনশৃঙ্খলার অবনতি ঘটে।
এ সব অভিযোগের ভিত্তিতে একই বছরের ১ জুলাই রাজধানীর শাহবাগ থানায় রাশেদ খানের বিরুদ্ধে ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় মামলা দয়ের করলে ওই দিনই রাশেদ খানকে গ্রেফতার করে পুলিশ। পরে তদন্ত শেষে রাশেদকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৩ অক্টোবর অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

For all latest news, follow The Financial Express Google News channel.