
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছাত্রলীগের এক নেতাকে বেদম মারধরের পর পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
নিহত নয়ন শেখ (২৮) কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মৃত মোহাম্মদ আব্দুলের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাওরাইদ বাজারে কাওরাইদ ইউনিয়ন আওয়ামী কার্যালয়ের কাছের এক পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
তাকে আওয়ামী লীগ কার্যালয়ে পেটানোর পর পুকুরে ডুবিয়ে হত্যা করা হয় বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতের মাথায় কোপের চিহ্ন এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।”
ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের বড় ভাই রতন মিয়া সাংবাদিকদের বলেন, বিকালে কাওরাইদ বাজারে কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক যুবলীগ নেতার ছেলের সঙ্গে অন্য ছেলেদের বাগবিতণ্ডা হয়েছিল। অন্য ছেলেরা নয়নকে বিচার দিলে তিনি যুবলীগ নেতার ছেলেকে ‘শাসন’ করেছিলেন। এরপর ওই যুবলীগ নেতা আওয়ামী লীগ কার্যালয়ে ডেকে নেন নয়নকে।
খবর পেয়ে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে নয়নকে না পেয়ে খুঁজতে থাকেন রতন। পরে পাশের পুকুরে লাশ দেখতে পান।
রতন বলেন, স্থানীয়দের কাছে তিনি শুনেছেন যে ডেকে আনার পর নয়নকে বেধড়ক মারধর করা হয়। তার মাথা ফেটে যায়। এক সময় নয়ন দৌড়ে পালাতে গিয়ে পুকুরে পরে গিয়েছিল। তখন সেখানে পানিতে চুবিয়ে মারা হয় তাকে।
নয়নকে আওয়ামী লীগ কার্যালয়ে ডেকে আনার আগে ওই যুবলীগ নেতার অনুসারীরা কাওরাইদ বাজারে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ বলেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

For all latest news, follow The Financial Express Google News channel.