১১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা ইরানের

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। সম্প্রতি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১১টি দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ইরান মন্তব্য করেছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বর্ণবাদী মানসিকতার প্রকাশ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করে এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন, যা তার প্রথম মেয়াদের বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞারই নতুন সংস্করণ। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবাসীবিষয়ক বিভাগের মহাপরিচালক আলিরেজা হাশেমি-রাজা বলেছেন, এই সিদ্ধান্ত মার্কিন নীতিনির্ধারকদের শ্রেষ্ঠতাবাদী ও বর্ণবাদী দৃষ্টিভঙ্গিরই প্রমাণ। তিনি আরও জানান, এই নিষেধাজ্ঞা ইরানি ও মুসলিম জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের বিদ্বেষের বহিঃপ্রকাশ।
নিষেধাজ্ঞার আওতায় ইরান ছাড়াও রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো-ব্রাজাভিল, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। আরও সাতটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
হাশেমি-রাজা বলেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার লঙ্ঘন এবং জাতি ও ধর্মের ভিত্তিতে লাখো মানুষের ভ্রমণ অধিকার হরণ করছে।

For all latest news, follow The Financial Express Google News channel.