
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিনদিন সারাদেশে টানা বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ মে) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বেশিরভাগ জায়গায় এবং রংপুর ও রাজশাহীর অনেক স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।
শনিবার (৩১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রা এ সময়ও প্রায় একই থাকবে।
রোববার (০১ জুন) সন্ধ্যা থেকে চট্টগ্রাম ও সিলেটের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (০২ জুন) সন্ধ্যা থেকে চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিনের মধ্যে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

For all latest news, follow The Financial Express Google News channel.