আওয়ামী লীগ না থাকলেও সঠিক অংশগ্রহণে নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক: জাতিসংঘ কর্মকর্তা

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস মনে করেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলেও যদি জনগণের অংশগ্রহণ সুষ্ঠুভাবে হয়, তাহলে সেই নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক হিসেবে গণ্য করা যেতে পারে।
আজ বুধবার (৪ জুন ) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘের দৃষ্টিতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে বোঝায়—প্রত্যেক বাংলাদেশি যেন নিজের মত প্রকাশ ও অংশগ্রহণের সুযোগ পান। তিনি আরও বলেন, আওয়ামী লীগ না থাকলেও, যদি জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তাহলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে এক প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন, তিনি কোনো দলের পক্ষে বা বিপক্ষে মন্তব্য করছেন না। জাতিসংঘ কোনো রাজনৈতিক পক্ষ নেয় না এবং এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণভাবে সরকারের ও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।
তিনি আরও বলেন, সব দলের অংশগ্রহণ নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করে তোলে এবং সংঘাতের আশঙ্কা কমায়। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে দেশের বাস্তবতা ও প্রেক্ষাপট বিবেচনায় রেখে, যা একান্তই রাজনৈতিক সিদ্ধান্ত।
গোয়েন লুইস জানান, জাতিসংঘ নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দিতে প্রস্তুত, তবে নির্বাচনের আয়োজন ও সময় নির্ধারণের মতো বিষয়ে জাতিসংঘের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর।
অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুনও বক্তব্য রাখেন।

For all latest news, follow The Financial Express Google News channel.