
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বগুড়ার রাজাবাজারে বড় ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয়েছে আড়াই টনেরও বেশি মেয়াদোত্তীর্ণ মসলা। সোমবার (২৩ জুন) সকাল ১১টার দিকে সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযানে পাইকারি প্রতিষ্ঠান জাহাঙ্গীর স্টোর থেকে প্রায় ২ হাজার ৬০০ কেজি মসলা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
জব্দকৃত মসলার মধ্যে ছিল—দারুচিনি, জিরা, সাদা এলাচ, কালো এলাচ, তকমা ও কিসমিস। দীর্ঘদিন ধরে এগুলো মেয়াদোত্তীর্ণ অবস্থায় গুদামে সংরক্ষিত ছিল বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে জাহাঙ্গীর স্টোরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট ফাহাদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। জব্দকৃত এসব মেয়াদোত্তীর্ণ মসলা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় এগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে।”

For all latest news, follow The Financial Express Google News channel.