Bangla
a year ago

বিশ্ব পরিবর্তনে বড় স্বপ্ন দেখার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে বিশ্ব পরিবর্তনের জন্য বড় কিছু করার স্বপ্ন দেখতে আহ্বান জানিয়েছেন।  

শনিবার (২৯ মার্চ) বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, "একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান শুধু শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা।"  

স্বপ্ন দেখাকে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, "আপনি যদি স্বপ্ন দেখেন, তবে তা ঘটবেই। আপনি যদি স্বপ্ন না দেখেন, তবে তা কখনও ঘটবে না।"  

শিক্ষার্থীদের অতীতের দিকে তাকিয়ে ভাবতে বলেন তিনি, কারণ "যা কিছু ঘটেছে, কেউ না কেউ আগে তা কল্পনা করেছিল।" তিনি আরও বলেন, "কল্পনা যে কোনো কিছু থেকে বেশি শক্তিশালী।"  

তিনি শিক্ষার্থীদের সবচেয়ে অদ্ভুত ও অকল্পনীয় বিষয়েও স্বপ্ন দেখতে উৎসাহিত করেন, যদিও তা কখনো অসম্ভব বলে মনে হতে পারে।  

অধ্যাপক ইউনূস বলেন, "কিন্তু, মানবসভ্যতার যাত্রা হলো অসম্ভবকে সম্ভব করা। সেটাই আমাদের কাজ। আর আমরাই তা করতে পারি।"  

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে পিকিং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় কাউন্সিলের সভাপতি হে গুয়াংচাই ও প্রেসিডেন্ট গং চিহুয়াং বক্তব্য দেন। 

শেয়ার করুন