
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম অংশে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ এবং কোথাও কোথাও অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় প্রবল।
আগামী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে ভারি বর্ষণ হতে পারে। তখন দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
তবে পাঁচ দিন পর বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

For all latest news, follow The Financial Express Google News channel.