Bangla
a year ago

বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি

ফাইল ছবি
ফাইল ছবি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ তিনজনকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায়  অব্যাহতি দিয়েছেন আদালত। অপর দুইজন হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের তাদের মামলার দায় হতে অব্যাহতি দেন। বিষয়টি নিশ্চিত করেন খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন ও হান্নান ভূঁইয়া। 

এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য থাকায় খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। এরপর খালেদাসহ অপর আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবী। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন করতে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দেন। অপর আসামি হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান ও মো. সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। 

এদিকে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার মোট ১৩ জন আসামির মধ্যে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি কার্যকর হয়েছে। অন্য আসামি ব্যারিস্টার আমিনুল হক ২০১৯ সালের ২১ এপ্রিল মারা যান। সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম এবং সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন মারা যান।

শেয়ার করুন