বৃষ্টিতে পিচ্ছিল সড়ক: বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাস বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া না গেলেও নিহত দুজন হলেন টেকনাফের হোয়াইক্যং এলাকার বাসিন্দা মোহাম্মদ ফারুক এবং নোয়াখালী জেলার সুধারাম এলাকার শেখ এনাম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, হানিফ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গয়ালমারা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের কিছু অংশ খাদে ডুবে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। রাত ১২টার দিকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেয় চিরিংগা হাইওয়ে থানা পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও চকরিয়া থানা পুলিশ।
রাত আড়াইটার দিকে বাসটি ক্রেন দিয়ে খাদ থেকে তোলা হয়। এ সময় এক যুবকের লাশ বাসের জানালায় ঝুলে থাকতে দেখা যায়। আরেক যাত্রীর লাশ বাসটির নিচে চাপা পড়ে ছিল। বাসটিতে চালক-সহকারীসহ ৪০ জন ছিলেন বলে যাত্রীরা জানিয়েছেন। তাঁদের দাবি, বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে পড়া সড়কে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।
জানতে চাইলে বাসটির যাত্রী কাজী সোহেল (৪২) বলেন, তিনি মাতারবাড়ী কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রে চাকরি করেন। চট্টগ্রাম থেকে চকরিয়া পর্যন্ত টিকিট কেটেছিলেন। চট্টগ্রাম থেকে চুনতি পর্যন্ত বাসটি ধীরগতিতে চলে। এ কারণে যাত্রীদের সঙ্গে চালকের কথা-কাটাকাটিও হয়। তবে চুনতি পার হওয়ার পর হঠাৎ দ্রুতগতিতে চালাচ্ছিলেন চালক। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।
এ বিষয়ে চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, নিহত দুজনের লাশ হাইওয়ে থানায় রয়েছে। বাসটিও উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন তাৎক্ষণিক পাশ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.