
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন। স্টেশনটি থেকে যাতায়াত করতে পারায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।
জুলাই আন্দোলনে রাজধানীতে মেট্রোরেলের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি স্টেশন কাজীপাড়া ও মিরপুর-১০ ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিগত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো, স্টেশন দুটি রক্ষণাবেক্ষণ শেষে চালু করতে অন্তত এক বছর সময় লাগবে।
তবে এক বছর নয়, দুমাসের মাথায় গত ২০ সেপ্টেম্বর চালু হয় কাজীপাড়া মেট্রোস্টেশনটি। এরপর থেকেই নগরবাসীর প্রতীক্ষা, কবে সচল হবে ব্যস্ততম স্টেশন মিরপুর-১০।
এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলছেন, কোনো সরঞ্জাম আমদানি না করে দেশীয় সম্পদের ব্যবহার করেই এটি সচল করা হয়েছে। এছাড়া, যাত্রীচাপ তুলনামূলক কম থাকায় তিনটি স্টেশনে কিছু যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হয়েছে।
শুধু তাই নয়, এখন থেকে শুক্রবার মেট্রোরেলের হেডওয়ে বা দুই ট্রেনের মধ্যে বিরতির সময় ১২ মিনিট থেকে কমিয়ে ১০ মিনিটে নামিয়ে আনার সিদ্ধান্তও নিয়েছে কর্তৃপক্ষ।

For all latest news, follow The Financial Express Google News channel.