
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্ট যে জামিন দিয়েছেন, তা স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে করা আবেদনের শুনানি হতে পারে রোববার।
এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ বাসসকে জানান, জামিন স্থগিতের আবেদন করা হয়েছে এবং শুনানি রোববার হতে পারে।
এর আগে হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ চিন্ময়ের জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দেন।
চিন্ময়ের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা।
গত ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। পরে ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, যাতে আরও ১৮ জনকে আসামি করা হয়।
২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন জামিন আবেদন নাকচ করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে সময় আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ হয় এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ২ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন, পরে হাইকোর্টে আবেদন করেন তিনি।

For all latest news, follow The Financial Express Google News channel.