
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

দেশের বাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। ডিজেলের দাম লিটারপ্রতি ২ টাকা এবং পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ৩ টাকা করে কমানো হয়েছে। তবে বিপরীতভাবে, কেরোসিনের দাম লিটারপ্রতি ১০ টাকা বৃদ্ধি পেয়েছে।
নতুন এই মূল্য রবিবার দিবাগত রাত (১ জুন) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শনিবার জারি করা এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয় জানায়, সম্প্রতি চালু হওয়া ‘স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি’র আওতায় এই দাম সমন্বয় করা হয়েছে।
গত ১৯ মে সংশোধিত স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা প্রকাশ করে জ্বালানি বিভাগ। নতুন নিয়ম অনুযায়ী, কেরোসিনের দাম এখন থেকে পেট্রোলের চেয়ে লিটারপ্রতি ৪ টাকা কম হবে। আগে ডিজেল ও কেরোসিনের দাম সমান রাখা হতো।
এই অনুযায়ী, জুন মাসে ডিজেলের দাম লিটারপ্রতি ১০৪ টাকা থেকে কমে হয়েছে ১০২ টাকা। অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমে ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১২১ টাকা থেকে কমে ১১৮ টাকায় নামানো হয়েছে। অন্যদিকে, কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১৪ টাকা, যা পেট্রোলের চেয়ে ঠিক ৪ টাকা কম।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে, এখন থেকে প্রতিমাসে ভোক্তা পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারণ করা হবে। এই প্রক্রিয়ায় জুন মাসে তুলনামূলকভাবে সাশ্রয়ী দামে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
উল্লেখ্য, সর্বশেষ ১ মে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা করে কমানো হয়েছিল।

For all latest news, follow The Financial Express Google News channel.