ঢাবিতে ককটেল বিস্ফোরণ: নিরাপত্তাহীনতার অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, ককটেল উদ্ধার ও শহীদ স্মারক অপসারণের ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সংগঠনের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, ১৬ জুন সোমবার শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন এলাকায় একটি মিছিল শেষে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং কাজী মোতাহার হোসেন ভবনের সামনে থেকে সাতটি ককটেল উদ্ধার করা হয়।
একইদিন ফজলুল হক মুসলিম হলের বিভিন্ন রুমের সামনে থেকে ‘জুলাই আন্দোলনের’ শহীদদের নামসংবলিত ফলক সরিয়ে ফেলা হয়। এ দুটি ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দিকে অভিযোগের তীর সংগঠনটির।
বিবৃতিতে ছাত্রদল অভিযোগ করে, প্রশাসনের অবহেলা এবং ব্যর্থতার কারণেই ক্যাম্পাসে একের পর এক সহিংস ঘটনা ঘটছে। তারা দাবি করে, আগেও বিভিন্ন ঘটনার পর লিখিতভাবে নিরাপত্তা বৃদ্ধির পরামর্শ দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ অবস্থায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আগামীকাল ১৭ জুন মঙ্গলবার দুপুর ১টায় টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.