দুর্নীতির মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের তিন ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের তিনটি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা ফেরদৌস রহমান আদালতে আবেদন দাখিল করেন, যেখানে বলা হয়—শেখ ফজলে নূর তাপস মেয়র ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ৭৩ কোটি টাকার বেশি সম্পদ অবৈধভাবে অর্জন করেন এবং তার ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি টাকারও বেশি ও ৫ লাখ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।
আবেদনে আরও বলা হয়, আসামি এসব সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন, যা মামলার নিষ্পত্তির আগে রাষ্ট্রের ক্ষতির কারণ হতে পারে। তাই দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ বিধি ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা অনুযায়ী তার ব্যাংক হিসাব ফ্রিজ করা জরুরি হয়ে পড়ে।
আদালত আবেদন মঞ্জুর করে তাপসের তিনটি ব্যাংক হিসাব অবিলম্বে ফ্রিজ করার নির্দেশ দেন।

For all latest news, follow The Financial Express Google News channel.