
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে রাজধানী ঢাকার বায়ুদূষণের প্রধান কারণগুলোর বেশিরভাগই বর্তমানে অনুপস্থিত। যানবাহনের সংখ্যা কম, কলকারখানা বন্ধ এবং নগরীতে মানুষের উপস্থিতিও খুবই সীমিত। এর মধ্যে গতকাল শনিবার ২৭ মিলিমিটার বৃষ্টিও হয়েছে। তবে, এসবের পরেও আজ রোববার (৮ জুন) ঢাকার বায়ুর মান এখনো ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
সকাল সোয়া ৮টায় আইকিউএয়ারের সূচকে ঢাকার গড় বায়ুমান ছিল ১৫০, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তালিকায় ১৬৭ স্কোর নিয়ে দিল্লি ছিল শীর্ষে এবং দ্বিতীয় স্থানে ছিল চিলির সান্তিয়াগো।
সুইজারল্যান্ডভিত্তিক আইকিউএয়ার নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ পরিস্থিতি প্রকাশ করে। প্রতিষ্ঠানটি লাইভ এয়ার কোয়ালিটি সূচকের মাধ্যমে কোনো শহরের বাতাসের মান জানায় এবং জনসাধারণকে সতর্ক করে।
ঢাকার মধ্যে গুলশানের লেকপার্ক এলাকাটির বায়ুদূষণ সবচেয়ে বেশি; সেখানে সূচক ছিল ১৬৩। অন্যান্য দূষিত এলাকার মধ্যে ছিল কল্যাণপুর, পুরান ঢাকার বেচারাম দেউড়ি এবং মিরপুরের ইস্টার্ন হাউজিং।
এ অবস্থায় আইকিউএয়ার ঢাকাবাসীকে মাস্ক পরার, খোলা জায়গায় ব্যায়াম না করার এবং ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.