এনসিপির নতুন গঠনতন্ত্র অনুমোদন, দুইবারের বেশি সভাপতি-সম্পাদক নয়

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাধারণ সভায় দলীয় গঠনতন্ত্র অনুমোদন করেছে। এতে নির্ধারিত হয়েছে — দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কেউ দুবারের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।
আজ শুক্রবার (২০ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানান, দলের ৬ষ্ঠ সাধারণ সভায় গৃহীত গঠনতন্ত্র সংশোধনী ও সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হয়েছে।
সিদ্ধান্তগুলো হলো:
১. এনসিপির সভাপতি ও সাধারণ সম্পাদক সরাসরি ন্যাশনাল কাউন্সিলের ভোটে নির্বাচিত হবেন। একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ দুইবার করে এই দুই পদে দায়িত্ব পালন করতে পারবেন।
২. সভাপতি ও সাধারণ সম্পাদক ‘রাজনৈতিক পরিষদ’-এর কাছে দায়বদ্ধ থাকবেন।
৩. ‘রাজনৈতিক পরিষদ’ গঠন হবে ন্যাশনাল কাউন্সিলের ভোটে। ১১ থেকে ১৫ জন সদস্য বিশিষ্ট এই পরিষদে কমপক্ষে তিনজন নারী সদস্য থাকতে হবে। এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকারবলে সদস্য থাকবেন এবং দু’জন সদস্য মনোনয়ন দেবেন সভাপতি ও সাধারণ সম্পাদক।
৪. ন্যাশনাল কাউন্সিল গঠিত হবে কেন্দ্রীয় কমিটি, অঙ্গসংগঠন, জেলা কমিটি ও উপজেলা কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে।
৫. দলের কেন্দ্রীয় কমিটি গঠিত হবে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলী, সাধারণ সদস্য এবং প্রয়োজনে জেলা সভাপতি নিয়েও। এ কমিটির মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষে ৯০ দিনের মধ্যে কাউন্সিল করতে হবে।
৬. নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য আবেদন দাখিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৭. নিবন্ধন কার্যক্রমের জন্য দল থেকে মুখ্য সমন্বয়কারী ও দুটি যুগ্ম দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির নাম নির্ধারণ করা হয়েছে।
৮. সভায় সংশোধিত খসড়া গঠনতন্ত্র অনুমোদিত হয়েছে। প্রয়োজনে পরবর্তী কাউন্সিলের আগ পর্যন্ত বর্তমান আহ্বায়ক কমিটি এতে পরিবর্তন আনতে পারবে।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

For all latest news, follow The Financial Express Google News channel.