
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

গাজীপুরের জয়দেবপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তাসলিমা আক্তার (৩০) নামে আরও এক নারী প্রাণ হারিয়েছেন। তিনি ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, জয়দেবপুর থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে তাসলিমার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তার মৃত্যু ছাড়াও এর আগে সীমা নামের আরেক নারী প্রাণ হারান। বাকি তিনজনের মধ্যে পারভীনের ৩২ শতাংশ, তানজিলার ৯০ শতাংশ এবং শিশু আয়ানের ২৮ শতাংশ দেহ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই সংকটাপন্ন বলে জানান তিনি।
নিহত তাসলিমার স্বামী আলী হোসেন জানান, তিনি এবং তার স্ত্রী দুজনেই পোশাক কারখানায় কাজ করতেন। তাদের একটি ১১ বছরের ছেলে ও ১০ বছরের মেয়ে রয়েছে। গত রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার স্ত্রী, মেয়ে এবং প্রতিবেশী তিন নারী দগ্ধ হন। সেদিন রাতেই তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.