গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গানের ভাণ্ডার সংরক্ষণ করবেন যেভাবে?

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

প্রাচীনকাল থেকেই বাংলা জনপদ সঙ্গীতের ভাবধারায় সমৃদ্ধ। বঙ্গদেশে মনের খোরাক মেটাতে লোকমুখে কিংবা শিল্পীর কালিতে রচিত হয়েছে অসংখ্য লোকসঙ্গীত। এসব সঙ্গীত একদিকে যেমন বাঙ্গালির ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরে, ঠিক তেমনি জাতি হিসেবে আমরা কতটা শৌখিন ছিল সেই চিত্রও তুলে। এখন প্রশ্ন হলো- যে লোকসঙ্গীত আমাদের গর্ব এবং ঐতিহ্যের প্রতীক, সেই লোকসঙ্গীতকে কতটা কদর করছে এই প্রজন্ম? এর সঠিক উত্তর শুনলে হয়তো হতাশ করার মতো। কেননা, আধুনিক এই সমাজে ব্যান্ড শো কিংবা ডিজে পার্টির ভিড়ে অনেকটাই হারাতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গান।
একজন বাঙালী হিসেবে এদেশের লোকসঙ্গীতের প্রতি শুধু ভালোবাসাই নয়, বরং লোকসঙ্গীতকে সংরক্ষণ করে আগামী প্রজন্মের সামনে তুলে ধরার সুযোগ সৃষ্টি করা প্রত্যেক বাঙালির দায়িত্ব। এর জন্য প্রথমেই প্রয়োজন এদেশের লোকসঙ্গীতগুলো চেনা এবং সেগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করা। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে প্রচলিত কিছু লোকসঙ্গীত সম্পর্কে।
ভাটিয়ালি
নদীমাতৃক বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদ-নদী। আর এসব নদ-নদী জীবন ও জীবিকায় যেমন অবদান রাখে, ঠিক তেমনি গানের সুরেও ফুটে ওঠে নদী বন্দনার কথা।
অনেক সময় খরস্রোতা নদীর সর্বগ্রাসী রূপের কথাও ফুটে ওঠে সেসব সঙ্গীতে। আর নদী বিধৌত বাংলাদেশের নদীমাতৃক জীবন নিয়ে রচিত এসব গানই ভাটিয়ালি গান হিসেবে পরিচিত। এসব গানে জেলেরা তাদের মনের আবেগ কিংবা অব্যক্ত কথাগুলো বৈঠার তালে তাল মিলিয়ে জানান দেয় নদীর তরঙ্গের কাছে।
ভাওয়াইয়া
ভাওয়াইয়া বাংলাদেশের রংপুর অঞ্চলে প্রচলিত এক ধরনের লোকসঙ্গীত। উত্তরবঙ্গের মানুষের জীবনধারা কিংবা সুখ-দুঃখের বর্ণনা পাওয়া যায় ভাওয়াইয়া গানে। গানের সাথে হাত কিংবা কোমর দুলিয়ে এই গান গাওয়ার রেওয়াজ রয়েছে যা এখনো প্রচলিত রয়েছে বাংলাদেশের বেশ কিছু জায়গায়।
বাউল গান
লোকসঙ্গীতের যে ধারাটি আধুনিক সমাজে কিছুটা হলেও ভালো অবস্থানে আছে সেটি হলো বাউল গান। বাউল গান মূলত নিজেকে উপলব্ধি করার এক অভিনব প্রয়াস। বাউল গান সাধনার মাধ্যমে সিদ্ধি লাভের চেষ্টা করেন একজন সাধক বাউল।
মুর্শিদি
মুর্শিদি মূলত ধর্মভিত্তিক গান। সঙ্গীতের মাধ্যমে সৃষ্টিকর্তার গুণকীর্তন কিংবা স্রষ্টার কাছে বিভিন্ন বিষয়ে ফরিয়াদ করতে দেখা যায় মুর্শিদি গানে। একসময় বাংলার মুসলিম সমাজে বেশ প্রচলিত ছিল মুর্শিদি গান।
শ্যামা সঙ্গীত
এটি মূলত সনাতন সমাজে প্রচলিত একটি প্রাচীন সঙ্গীত আয়োজন যা কালী কিংবা শ্যামার উদ্দেশ্যে করা হয়। এটিও প্রাচীন সঙ্গীতশাস্ত্রের একটি অনন্য নিদর্শন। বর্তমানে এ সঙ্গীতের প্রচলন খুব বেশি দেখা যায় না।
এগুলো ছাড়াও বাংলাদেশে আরো কিছু লোকসঙ্গীত রয়েছে। এর মধ্যে জারি গান, সারি গান, ময়মসিংহ গীতিকা, কবিগান, গম্ভীরা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
বাংলাদেশে নানা ধরনের লোকসঙ্গীত থাকলেও সংরক্ষণের অভাবে সেগুলো বর্তমানে অনেকটাই হারাতে বসেছে। তাই এসব সঙ্গীত যথাযথভাবে সংরক্ষণ করা এখন সময়ের দাবি। সেজন্য ব্যক্তি এবং রাষ্ট্রীয় পর্যায়ে কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তেমনই কিছু পদক্ষেপ সম্পর্কে এবার আলোকপাত করা যাক।
সঙ্গীত আয়োজন
লোকসঙ্গীত সংরক্ষণের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি প্রয়োজন সেটি হলো দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ে নিয়মিত লোকসঙ্গীতের আসর আয়োজনের ব্যবস্থা করা। এতে করে বর্তমান প্রজন্মের মধ্যে লোকসঙ্গীতের বিষয়ে আগ্রহ সৃষ্টি হবে।
পাঠ্যপুস্তকে লোকসঙ্গীকে গুরুত্ব দেয়া
পাঠ্যপুস্তকে লোকসঙ্গীতের ওপর গুরুত্বারোপ করতে হবে এবং বিভিন্ন দিবসে এর চর্চা নিশ্চিত করতে হবে। মাথায় রাখতে হবে শিক্ষার্থীরা সঠিক সংস্কৃতি চর্চার সুযোগ পেলে আগামীতে তারাই এই শিল্প রক্ষায় কান্ডারী হিসেবে এগিয়ে আসবে।
লোকশিল্পীদের সম্মানিত করা
দেশের বিভিন্ন প্রান্তে এখনো অনেক লোকসঙ্গীত শিল্পী রয়েছে যারা তাদের উপযুক্ত সম্মান থেকে বঞ্চিত। মনে রাখতে হবে শিল্পীকে সম্মান না দিয়ে একটি দেশ কখনোই শিল্পে সমৃদ্ধ হতে পারে না। তাই লোকসঙ্গীতকে সংরক্ষণ করতে হলে অবশ্যই এই সঙ্গীতের সাথে জড়িত শিল্পীদের সঠিক মূল্যায়নের ব্যবস্থা করতে হবে।
সরকারিভাবে লোকসঙ্গীত সংরক্ষনে ব্যবস্থা নেয়া
গ্রামে-গঞ্জে প্রচলিত অনেক লোকসঙ্গীত এখনো সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে সংরক্ষণ করা হয়নি। এভাবে চলতে থাকলে একটি সময় গিয়ে হয়ত এসব সঙ্গীতের কোনো অস্তিত্বই আর খুঁজে পাওয়া যাবে না। তাই অনতিবিলম্বে রাষ্ট্রীয় উদ্যোগে দেশের সকল লোকসঙ্গীতকে যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।
গণমাধ্যমে লোকসঙ্গীতকে তুলে ধরা
দেশের মূল ধারার গণমাধ্যমগুলোতে লোকসঙ্গীতের উপর নিয়মিত অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা করতে হবে। এছাড়া এসব সঙ্গীতের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টির জন্য সংবাদ মাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ করতে হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.