
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

আন্দোলনের মুখে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার পরিচালক আবু সা-দাত মো. মুনতাসিরবিল্লা শনিবার রাত ৮টায় বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন সভা করে স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
“শিক্ষার্থীরা রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, সে সময়ের মধ্যেই আমরা সিদ্ধান্ত জানিয়েছি। এটাই শিক্ষার্থীদের মূল দাবি ছিল।”
তিনি বলেন, “আর যারা বহিষ্কৃত ছিলেন, তারা চলতি স্প্রিং সেমিস্টার থেকে ক্লাস চালিয়ে যেতে পারবেন। যাদের দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছিল, তারা ক্লাসে ফিরবেন ফল সেমিস্টার থেকে।"
এদিন সকালে বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দাবিতে ঢাকার নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করেন ইউআইইউসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে তারা অবস্থান ধরে রাখেন।
এর মধ্যে সন্ধ্যার দিকে তারা রাত ৮টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে সড়ক ছেড়ে দেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত আসার পর আন্দোলনরত শিক্ষার্থী রাফসান বলেন, "আমরা নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থায়ীভাবে বহিষ্কৃতদের আদেশ প্রত্যাহার করেছেন, কিন্তু অন্যান্যদেরর ক্ষেত্রে শর্ত দিয়েছেন।
"সন্ধ্যায় আমরা ঘোষণা দিয়েছিলাম, রোববার ফের অবরোধ করবো। তবে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়ে আমরা শিগগিরই ঘোষণা দেব।"

For all latest news, follow The Financial Express Google News channel.