জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগের নাম পরিবর্তন, একটি হলেরও নতুন নাম

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগের ও একটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের নতুন নাম রাখা হয়েছে ‘আইন ও ভূমি প্রশাসন’, এবং ভাস্কর্য বিভাগের নাম পরিবর্তন করে করা হয়েছে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’।
মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ৭৪তম একাডেমিক কাউন্সিল ও ১০১তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়। পরে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই দিনে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. সৈয়দা ইসরাত নাজিয়াকে বিভাগীয় চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিযুক্ত করা হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে। কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.