Bangla
2 years ago

জ্বালানি-এনবিআর-ব্যাংক সংস্কারে বিশ্বব্যাংক-আইএফসির সহায়তা

ফাইল ছবি
ফাইল ছবি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জ্বালানি খাত ও ব্যাংকিং খাতের সংস্কারে সহায়তা করবে  বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক এবং আইএফসির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 

এ সময় তিনি বলেন, ‘আজ বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের প্রতিনিধিরা আসছিলেন। বিশ্বব্যাংক কী কী কাজে সহায়তা দেবে- এর আগেও আমরা এ বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের আর্থিক খাত ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে।’ 

আইএফসির বিনিয়োগের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, সরকারি ও বেসরকারি খাতে সংস্থাটি কীভাবে  বিনিয়োগ করবে এসব বিষয় নিয়ে আলাপ আলোচনার পাশাপাশি কারিগরি ও আর্থিক সহায়তার বিষয়েও কথা হয়েছে। অক্টোবরে বিশ্বব্যাংকের সভায় এসব বিষয়ে আরও আলোচনা হবে বলে জানান তিনি। 
 
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘মোট কথা তারা আমাদের সব বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু শর্ত আছে সেগুলো আমাদের পালন করতে হবে।’ 

কোন কোন খাতে তারা সহায়তা দেবে সে বিষয়ে কি কিছু জানিয়েছেন কি না- এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা জানান, তারা ব্যাংকিং খাত ও এনবিআর সংস্কারের ক্ষেত্রে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে। এর পাশাপাশি এনার্জি (জ্বালানি) খাতেও কিছু সহয়তা করবে। সব মিলিয়ে বাংলাদেশের আর্থিক উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নে তারা সহায়তা করবে বলে জানা উপদেষ্টা। 

এছাড়া সহায়তার পরিমাণ সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন প্রত্যেকটা ডোনার এবং অন্যান্য ডোনার কী দেবে সেটা নিশ্চিত হয়ে যথাসময়ে কোন ডোনার কী দিয়েছে বিস্তারিতভাবে জানানো হবে। 

শেয়ার করুন