খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের, সুযোগ না পাওয়ার দাবি কাৎজের

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিলেন। তবে সে সুযোগ তাদের হয়নি।
ইসরায়েলের চ্যানেল-১৩-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের লক্ষ্য ছিল আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা। কিন্তু আমরা সে সুযোগ পাইনি। যদি তিনি আমাদের দৃষ্টিসীমায় আসতেন, তবে আমরা তাকেই শেষ করতাম।”
এ সময় খামেনিকে হত্যার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়া হয়েছিল কি না — এমন প্রশ্নের জবাবে ইসরায়েল কাৎজ বলেন, “এ ধরনের বিষয়গুলোর জন্য আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন নেই।”
অন্যদিকে, বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, তারা যুদ্ধের ময়দানে ভুয়া ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলকে পরাজিত করেছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রকেও তারা ‘মুখে থাপ্পড়’ দিয়েছে বলে মন্তব্য করেন। ধারণা করা হচ্ছে, যুদ্ধ শুরুর পর তিনি নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন এবং সেখান থেকেই এ ভাষণ দিয়েছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.