
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

কক্সবাজারের মহেশখালীতে দুই মামা ও মামাতো ভাইদের হাতে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের কামিতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. কাশিম (৩৫)। তিনি মাছ ধরা নৌকার শ্রমিক ও ওই এলাকার মো. কালামিয়ার ছেলে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কাশিমের ভাই ও স্ত্রী অভিযোগ করে বলেন, বুধবার সকালে পাওনা টাকাকে কেন্দ্র করে কাশিমের সঙ্গে তার আপন দুই মামা মো. গফুর ও হাছন আলীর কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে গফুর, হাছন আলী, গফুরের ছেলে সাজ্জাদ, শাহেদ খান, রিফাত ও রাসেল স্থানীয় কবির বাজারে গিয়ে কাশিমকে মারধর করেন। কাশিম বাজার থেকে প্রাণে বাঁচতে দৌড়ে বাড়িতে চলে এলে গফুর, হাছন আলী, সাজ্জাদসহ অন্যরা ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে কাশিমকে কুপিয়ে পালিয়ে যান। তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি কাইছার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ চলছে।

For all latest news, follow The Financial Express Google News channel.