
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের গ্রেড-১ অধ্যাপক ড. মো. হযরত আলীকে রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ মে) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কুয়েটে পূর্ণকালীন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. হযরত আলী এই দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি তার বর্তমান পদ অনুযায়ী বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন।
এছাড়া, প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্যের দায়িত্ব পালনকালে অধ্যাপক ড. মো. হযরত আলীকে কুয়েট ক্যাম্পাসেই সার্বক্ষণিকভাবে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৩ এপ্রিল রাতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলম শিক্ষা মন্ত্রণালয়ে তাদের পদত্যাগপত্র জমা দেন।

For all latest news, follow The Financial Express Google News channel.