Bangla
a year ago

নির্বাচন সম্পর্কে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘ব্যক্তিগত মতামত’: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব

ফাইল ছবি
ফাইল ছবি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জাতীয় নির্বাচন ও রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার নিয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের বক্তব্যকে তার "ব্যক্তিগত মতামত" হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।  

আজ রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ গতকাল (শনিবার) নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। তিনি বলেছেন, আগামী বছর রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার আসতে পারে। তবে এটি তার ব্যক্তিগত অভিমত, সরকার বা নির্বাচন কমিশনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়।"

এর আগে, শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে ড. ওয়াহিদউদ্দিন বলেন, "আমার ব্যক্তিগত ধারণা, আগামী বছর আমরা একটি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখতে পারি। তবে এটি কেবল আমার নিজস্ব মতামত, নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।"  

এ প্রসঙ্গে অপূর্ব জাহাঙ্গীর আরও বলেন, "প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন নিয়ে কোনো ধরনের ঘোষণা আসেনি। এ বিষয়ে নির্বাচন কমিশনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।"  

ঘোষণাটি কবে আসতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "যখনই ঘোষণা আসবে, আপনারা তা সবার আগে জানতে পারবেন।"  

এ সময়য় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন