নতুন একটি নীতিনির্ধারণী বিল নিয়ে মাস্কের মন্তব্যে 'হতাশ' ট্রাম্প

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিল নিয়ে ইলন মাস্কের সমালোচনায় "ভীষণ হতাশ" হয়েছেন বলে জানিয়েছেন। এ নিয়ে সাবেক উপদেষ্টা ও বিলিয়নিয়ার মাস্কের সঙ্গে তার বন্ধুত্ব বজায় থাকবে কিনা, সেটাও তিনি এখন নিশ্চিত নন।
ওভাল অফিসে সফররত জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জের উপস্থিতিতে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, “ইলনের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল, কিন্তু এখন বুঝতে পারছি না সেটা আগের মতো থাকবে কিনা। আমি খুব অবাক হয়েছি—আমার সাবেক উপদেষ্টা যেভাবে এই বিলটিকে ‘ঘৃণ্য’ বলে আখ্যায়িত করেছেন।”
ট্রাম্প দাবি করেন, মাস্ক বিলের বিষয়ে ভেতরের তথ্য জানতেন, তবু কেন হঠাৎ করে বিরোধিতা করলেন, তা তিনি বুঝতে পারছেন না। অন্যদিকে, মাস্ক নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ট্রাম্পের দাবিকে “মিথ্যা” বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, “বিলটির আগাম ধারণা ছিল” এই বক্তব্য সঠিক নয়।
একপর্যায়ে মাস্ক ট্রাম্পের একটি পুরনো ভিডিও শেয়ার করেন, যেখানে ট্রাম্প বৈদ্যুতিক গাড়ির জন্য ভর্তুকি কমানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
এই দ্বন্দ্ব তখনই সামনে এলো যখন মাস্কের বিদায়ের পর মাত্র এক সপ্তাহ পার হয়েছে। সম্প্রতি হোয়াইট হাউসে তাকে নিয়ে একটি বিদায়ী অনুষ্ঠানও হয়েছিল। সে সময় মাস্ক সংবাদ সম্মেলনে কালো চশমা পরে হাজির হয়ে আলোচনায় আসেন। ট্রাম্প সেসময়ের স্মৃতি টেনে বলেন, “আমি তাকে বলেছিলাম একটু মেকআপ নিতে, কিন্তু সে বলেছিল, ‘না, আমি এমনিতেই আকর্ষণীয়’। ও নিজেকে তার মতোই রাখতে চায়।”
মার্কিন প্রেসিডেন্টের কথিত “বড়, সুন্দর বিল”টি কর ও ব্যয় সংক্রান্ত একটি মেগা পরিকল্পনা, যা তার দ্বিতীয় মেয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ এজেন্ডা হিসেবে বিবেচিত। রিপাবলিকানদের জন্য এটি ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে মাস্ক সরাসরি এই বিলকে “জঘন্য” বলে মন্তব্য করেছেন এবং রিপাবলিকানদের আহ্বান জানিয়েছেন বিলটি বাতিল করে বিকল্প পরিকল্পনা গ্রহণে, যাতে বাজেট ঘাটতি ব্যাপকভাবে না বাড়ে।

For all latest news, follow The Financial Express Google News channel.