
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে আয়োজিত এক সুধী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে তফসিল বছরের শেষ দিকে ঘোষণা হবে, আর সে অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান।
তিনি বলেন, “আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে। তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।”
সম্প্রতি লন্ডনে তারেক রহমান ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল সৌজন্যমূলক, তবে আলোচনায় দেশের রাজনৈতিক অবস্থা, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তার ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা উঠে এসেছে।
সুধী সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.