পিআর পদ্ধতি ও স্থানীয় নির্বাচন দাবির পেছনে উদ্দেশ্য আছে: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের যে কথা বলা হচ্ছে, তার পেছনে সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, যারা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন বা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বলছেন, তাদের উদ্দেশ্য হতে পারে নির্বাচন বিলম্বিত করা কিংবা দেশে জাতীয় নির্বাচনই না করা। তবে দেশের মানুষ এসব নিয়ে বিভ্রান্ত নয় এবং তারা ঐক্যবদ্ধ আছে।
আজ শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জিয়াউর রহমান: যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান’ শীর্ষক একটি স্মারক প্রকাশনা ও আর্কাইভ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। তারা জাতীয় সংসদের জন্য পিআর পদ্ধতির কথা বলছে, এটা তাদের রাজনৈতিক অবস্থান। তবে বাংলাদেশের বাস্তবতা এবং জাতীয় ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, সেখানে পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়ে কোনো ঐক্যমত্য হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন আয়োজনের কোনো ইতিহাস নেই। যেসব দেশে এ পদ্ধতি চালু রয়েছে, সেখানেও নানা জটিলতা দেখা যায়। তাছাড়া এমন নির্বাচনে ভোটাররা জানবেন না, কে তাদের নির্বাচিত প্রতিনিধি হবেন, কার কাছে যাবেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ স্থানীয় নির্বাচনের জন্য নয়, জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংগ্রাম করেছেন। এই দেশের গণ-অভ্যুত্থান হয়েছে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য।

For all latest news, follow The Financial Express Google News channel.