
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, প্রবাসীরা দেশে মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তাদের অর্থায়নে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যার মালিকানা থাকবে প্রবাসীদের হাতে।
শনিবার (৩১ মে) বিকেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও জানান, সরকার প্রবাসীদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা চালু করেছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ প্রাপ্তি এখন সহজতর হয়েছে। জাপানে কর্মী পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে এবং অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা চলছে।
আসিফ নজরুল বলেন, এসএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের যে অবসর সময় থাকে, সেই সময়কে কাজে লাগাতে সারাদেশের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন কোর্স চালু করা হয়েছে। টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ এসব কেন্দ্রে বর্তমানে প্রায় ৬ হাজার শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি বলেন, যদি কেউ বিদেশে যাওয়ার আগে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে যান, তাহলে তারা বিদেশে ভালো বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহম্মদ মোজাফফর, টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

For all latest news, follow The Financial Express Google News channel.