প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসির নাম পরিবর্তন নিয়ে ঐকমত্য হয়নি: আলী রীয়াজ

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ ১০ বছর মেয়াদ এবং সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) পরিবর্তে নতুন নিয়োগ কমিটির প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য হয়নি বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
বুধবার (২৫ জুন) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল ১০ বছর করার প্রস্তাব অধিকাংশ দল স্বাগত জানালেও বিএনপি তা নতুন নিয়োগ প্রক্রিয়ার ওপর নির্ভর করিয়ে দিয়েছে। তাই এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি জানান, এনসিসির পরিবর্তে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ কমিটি’ নামে নতুন কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে অ্যাটর্নি জেনারেল ও সেনাপ্রধান নিয়োগ বাদ দেওয়া হয়েছে, কমিটিতে থাকবে প্রধানমন্ত্রী, দুই কক্ষের স্পিকার, বিরোধী দলের নেতারা, রাষ্ট্রপতির প্রতিনিধি ও একজন বিচারপতি।
বিএনপি, এলডিপি, এনডিএম ও লেবার পার্টি প্রস্তাবে আপত্তি জানিয়েছে। অন্যরা কিছু পরামর্শ দিয়েছে—যেমন কমিটির জবাবদিহি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কেমন হবে।
আলী রীয়াজ জানান, রাষ্ট্র পরিচালনার চার মূলনীতিতে (জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা) ঐক্য না হলেও ‘সাম্য, মানবিক মর্যাদা, ধর্মীয় স্বাধীনতা, পক্ষপাতহীনতা’ ইত্যাদি নিয়ে অধিকাংশ দল একমত।
আগামী সপ্তাহে এসব প্রস্তাব চূড়ান্ত করে নতুন খসড়া দেবে কমিশন।

For all latest news, follow The Financial Express Google News channel.