
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বর্তমান সভ্যতার ধারা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পৃথিবী এই সভ্যতার আওতায় টিকে থাকতে পারবে না। তিনি পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তরুণদের ‘থ্রি জিরো ক্লাব’ গঠনের আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় ড. ইউনূস বলেন, ‘"আমরা যে সভ্যতা নির্মাণ করছি তা আত্মবিধ্বংসী, যা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।’"
তিনি উল্লেখ করেন, বর্তমান সভ্যতার কাঠামোতে মানুষ টিকে থাকতে পারবে না কারণ পরিবেশের অব্যাহত ধ্বংসের কারণে পৃথিবী বিপদমুক্ত নয়।
ড. ইউনূস তার ‘থ্রি জিরো থিওরি’ বা তিন শূন্য তত্ত্বের কথা উল্লেখ করেন, যেখানে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা হিসেবে রাখা হয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে সবাই শুধু মুনাফা বাড়ানোর পেছনে ছুটছে, কিন্তু এর ফলে বিশ্ব সম্পদের একটি বড় অংশ কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত হয়ে গেছে, যা এক ধরনের অভিশাপ।
বেকারত্বের সমস্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যালেঞ্জগুলোর দিকেও আলোকপাত করেন তিনি। ‘থ্রি জিরো ক্লাব’ গঠন সম্পর্কে ড. ইউনূস বলেন, ‘‘পাঁচজন ব্যক্তি একত্রিত হয়ে একটি থ্রি জিরো ক্লাব গঠন করতে পারে, যেখানে তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করার।’’
তিনি তরুণ প্রজন্মকে নতুন বিশ্ব গঠনে সৃজনশীল হতে উৎসাহিত করে বলেন, "চাকরি মানুষের সৃজনশীলতা দমন করে, তাই সব মানুষই উদ্যোক্তা হতে পারে।"
অধ্যাপক ইউনূস সামাজিক ব্যবসা ক্লাব প্রতিষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নতুন পৃথিবী কল্পনা করো, কারণ কল্পনা তোমাকে স্বপ্ন দেখতে সাহায্য করবে।
এছাড়া, অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয় থেকে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। বিশ্বব্যাপী সামাজিক উদ্ভাবন ও উন্নয়নে তার অবদানের জন্য তাকে এই ডিগ্রি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সুজুকিও বক্তব্য রাখেন।

For all latest news, follow The Financial Express Google News channel.