
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এখনও অবৈধভাবে মানুষ ঠেলে পাঠাচ্ছে (পুশ ইন) ভারত। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
এই পরিস্থিতি মোকাবেলায় ভারতকে আজ বা আগামীকাল (বুধবার) আরেকটি চিঠি দেবে বাংলাদেশ সরকার। পাশাপাশি, কনস্যুলার আলোচনার মাধ্যমে ঢাকা এ সমস্যার একটি নিয়মিত সমাধান খোঁজার চেষ্টা করছে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা।
মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, 'পুশ ইন' ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয়। তবে এটি যেন নিয়ম মেনে হয়, সে বিষয়ে ভারতকে জানানো হচ্ছে।
তিনি জানান, দুই দেশের মধ্যে এ নিয়ে কয়েক দফা চিঠি চালাচালি হয়েছে এবং আরও একটি চিঠি পাঠানো হবে।
ভারতের দাবি, যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা অবৈধভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিল। তবে বাংলাদেশ বলছে, এভাবে অনিয়মিত পুশ ইন না করে নিয়ম মেনে ফেরত পাঠানো উচিত।
তৌহিদ হোসেন আরও জানান, ভারতের দেয়া পুরনো একটি তালিকা অনুযায়ী অনেককেই বাংলাদেশে গ্রহণ করা হয়েছে। তবে এই প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করতে দুই দেশ কনস্যুলার পদ্ধতিতে কাজ করতে পারে।
এর আগে ভারত থেকে পুশ ইন বন্ধে বাংলাদেশ সরকার পাঁচটি চিঠি দিয়েছে। নতুন করে আরও একটি চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে।

For all latest news, follow The Financial Express Google News channel.