পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনকে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির করতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৭ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করা হয়েছে।
অভিযুক্ত বাকি ব্যক্তিরা হলেন: সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য শফি উল হক, মোহাম্মদ খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী, নায়েব আলী শরীফ, সাইফুল ইসলাম সরকার, কাজী ওয়াছি উদ্দিন এবং শহীদ উল্লা খন্দকার।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, এই মামলার মোট ছয়টি ধার্য তারিখ ছিল। এর মধ্যে পাঁচ মামলায় আসামিদের গ্রেপ্তারের বিষয়ে কোনো প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। এক মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে পলাতক থাকার প্রতিবেদন দাখিল করা হয়। এরপর দুদক আসামিদের হাজির করতে গেজেট প্রকাশের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে বিজি প্রেসের মাধ্যমে গেজেট প্রকাশের নির্দেশ দেন। সব মামলার পরবর্তী শুনানির দিন ১ জুলাই ঠিক করা হয়েছে।
জানা গেছে, এই প্রকল্পে দুর্নীতির অভিযোগে দুদক চলতি বছরের জানুয়ারিতে ছয়টি পৃথক মামলা দায়ের করে। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আরেক মেয়ে আজমিনা সিদ্দিকসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.