
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

রাষ্ট্রপতির শপথ গ্রহণে স্পিকারের পরিবর্তে প্রধান বিচারপতির ভূমিকা থাকা উচিত কি না—এই বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর শুনানির জন্য আগামী ৭ জুলাই তারিখ নির্ধারণ করেছে হাইকোর্ট।
আজ সোমবার (২৩ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কায়সারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই শুনানির দিন নির্ধারণ করেন।
গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী গত ১০ মার্চ একটি রিট দায়ের করেন, যেখানে তিনি ১৯৭২ সালের মূল সংবিধানের ধারায় রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পাঠ করানোর বিধান পুনর্বহালের দাবি জানান। এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ১১ মার্চ রুল জারি করে।
রুলে প্রশ্ন তোলা হয়, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ‘রাষ্ট্রপতিকে স্পিকার শপথ পড়াবেন’ মর্মে যে বিধান যুক্ত হয়েছে, সেটি কেন ১৯৭২ সালের সংবিধানের মূল নীতির পরিপন্থী এবং অবৈধ ঘোষণা করা হবে না। সেই সঙ্গে সংশোধিত অংশটি কেন শুরু থেকেই বাতিল বলে গণ্য করা হবে না, তা জানতে চাওয়া হয়।
রুলের জবাব দিতে বলা হয়েছে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে।
সোমবার হাইকোর্টের কার্যতালিকায় এই রিটটি ৪ নম্বর ক্রমিকে ওঠে। রিট আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ওমর ফারুক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান।
পরে অ্যাডভোকেট ওমর ফারুক জানান, এখনো রুলের জবাব জমা পড়েনি, তাই কেবল শুনানির জন্য তারিখ নির্ধারণ হয়েছে এবং ৭ জুলাই শুনানির দিন ঠিক করেছে আদালত।

For all latest news, follow The Financial Express Google News channel.