
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শনিবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে তাকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার ভগ্নিপতি আশফাক কাদেরী সাংবাদিকদের জানান, “সকাল ৯টায় বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তখনই তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
তিনি আরও জানান, “তার মেয়ে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি দেশে ফিরলে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে।”
প্রসঙ্গত, এ টি এম শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।
তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি সিইসি হিসেবে ২০০৮ সালে জাতীয় নির্বাচন পরিচালনা করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.