সাইবার নিরাপত্তা আইন বাতিলের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে মানবাধিকারের বিষয়ে গুরুত্ব দেয়ার জন্য আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, নতুন সরকারের উচিত হবে সাইবার নিরাপত্তা আইনের মত কালো আইনকে বাতিল করা বা উল্লেখযোগ্যভাবে এর সংশোধন করা।
গতকাল (বুধবার) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের একটি ছবি জুড়ে দিয়ে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই আহ্বান জানিয়েছে।
পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশে যেকোনো নতুন অন্তর্বর্তী সরকারের জন্য এটা জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করার উপযুক্ত সময়। সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের রক্ষা করতে হবে এবং অতীতের ভুলের পুনরাবৃত্তি করা যাবে না।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে সংগঠনের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক গবেষক তাকবির হুদা বলেন,‘আন্তর্জাতিক মানবাধিকার আইন পুরোপুরি মেনে চলার জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাইবার নিরাপত্তা আইন প্রত্যাহার বা উল্লেখযোগ্যভাবে সংশোধনের আহ্বান জানাচ্ছে।’
এছাড়া, তাকবির হুদা আইসিটি আইন, ডিএসএ, সিএসএ কিংবা অন্য কোনো কালো আইনের অধীনে আটক সবাইকে যত দ্রুত সম্ভব মুক্তি দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

For all latest news, follow The Financial Express Google News channel.