
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও লঘুচাপের কারণে টানা সাতদিন বন্ধ থাকার পর আবার টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।
রোববার (১ জুন) সকাল থেকে এ রুটে ট্রলার চলাচলের অনুমতি দেয়া হয়েছে। ইতোপূর্বে ২৫ মে গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় উপজেলা প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিনে রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কয়েকদিন সাগরে গভীর নিম্নচাপে দুর্ঘটনা এড়াতে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। সে নির্দেশনা অনুযায়ী নৌযান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় রোববার থেকে সার্ভিস ট্রলার চলাচলের অনুমতি দেয়া হয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের অধিকাংশ মানুষের এখন আয় রোজগার নেই। অনেক যুবক বেকার হয়ে পড়েছেন। তার মাঝে আবহাওয়া খারাপ হলে সেন্টমার্টিনের সঙ্গে টেকনাফে আসা-যাওয়া বন্ধ হলে আবার খাদ্য সংকট তৈরি হয়।
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের সার্ভিস বোট অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ আহমদ বলেন, আজ (০১ জুন) ছয়টি সার্ভিস ট্রলার টেকনাফ থেকে সেন্টমার্টিনে গেছে। নিত্যপণ্যের মালামাল নিয়ে দুটি ট্রলার দ্বীপে রওয়ানা হয়।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, সেন্টমার্টিন দ্বীপে খাদ্য সংকট মোকাবিলায় চালসহ নিত্যপণ্য খাদ্য পাঠানো হয়েছে। অবস্থা বুঝে আরও সহায়তা পৌঁছে দেয়া হবে।
tahjibulanam18@gmail.com

For all latest news, follow The Financial Express Google News channel.