সিরাজগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার, পাবনা-ঢাকা রুটে বাস চলাচল শুরু

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

সিরাজগঞ্জের শাহজাদপুরে মটর মালিক-শ্রমিকদের স্বেচ্ছাচারিতা ও যাত্রী মারধরের প্রতিবাদে পাবনা-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য ডাকা দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুরে পাবনা মটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু জানান, পাবনা ও সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মধ্যস্থতায় সমস্যার সমাধানের আশ্বাসে ধর্মঘট শুক্রবার রাত ১০টার পর প্রত্যাহার করা হয়। শনিবার সকাল ৬টা থেকে আগের নিয়মেই বাস চলাচল শুরু হয়েছে।
ধর্মঘটের কারণে বৃহস্পতিবার ও শুক্রবার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্পভাবে ঢাকায় ফিরেছেন, কেউ আবার কাউন্টার থেকে ফিরে যেতে বাধ্য হন।
পাবনার মটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা বলেন, জেলা প্রশাসকদের হস্তক্ষেপে আমরা সম্মিলিতভাবে ধর্মঘট প্রত্যাহার করেছি।
পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। প্রয়োজনে সেনাবাহিনী দিয়ে গাড়ি পারাপারের ব্যবস্থার কথাও সিরাজগঞ্জের ডিসিকে জানিয়েছি।

For all latest news, follow The Financial Express Google News channel.