
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলার আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় জেলা প্রশাসকরা।
এরপর, সন্ধ্যা ৭টার দিকে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন কমিটির সভাপতি ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি জানান, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কক্সবাজারের লাবনী বিচ থেকে সরাসরি চাঁদ দেখা হয়েছে এবং ১৪টি জেলা থেকে চাঁদ দেখার তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, "আগামীকাল সোমবার দেশব্যাপী ঈদুল ফিতর উদযাপিত হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা—ঈদ মোবারক!"
ধর্ম উপদেষ্টা আরও বলেন, জাতীয় চাঁদ দেখা কমিটি দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে ২৯ রমজানেই শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার (৩১ মার্চ) থেকে ১৪৪৬ হিজরি সালের শাওয়াল মাস গণনা শুরু হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বোর্ড অব গভর্নর সদস্য মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক মো. ফখরুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।

For all latest news, follow The Financial Express Google News channel.