
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। মামলার বিচারিক কার্যক্রম রোববার (১ জুন) দুপুর সোয়া ১২টার পর থেকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার শুরু হয়েছে।
এই মামলায় শেখ হাসিনাকে ‘জুলাই-আগস্ট ২০২৪’ সময়ে সংঘটিত গণহত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। একই মামলায় আসামি করা হয়েছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী মামুনকেও।
গত ১২ মে তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দেয়, যেখানে বলা হয়—জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে সারা দেশে গণহত্যা চালানো হয়। ওই সহিংসতায় প্রায় দেড় হাজার মানুষ নিহত হন। প্রতিবেদন অনুযায়ী, নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালানো, হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের পেছনে শেখ হাসিনা ছিলেন মূল নির্দেশদাতা।
এর আগে ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল। প্রসিকিউশনের সময় প্রার্থনার প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।

For all latest news, follow The Financial Express Google News channel.