
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

স্থানীয় সরকার প্রতিষ্ঠান আইনগুলো সংশোধন করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে আজ (শুক্রবার) উপদেষ্টা পরিষদের সভায় ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া অনুমোদন করা হয়েছে।
সংশোধন অনুযায়ী সরকারের বিশেষ পরিস্থিতিতে সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র-কাউন্সিলরদের এবং উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যানদের-সদস্যদের অপসারণ করার ক্ষমতা থাকবে। একই সঙ্গে সরকার এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক বসাতেও পারবে।
সরকারের প্রচারিত তথ্য বিবরণী থেকে এসব তথ্য জানা গিয়েছে।
গণআন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে দেশের বেশিরভাগ সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র ও কাউন্সিলররা এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা পলাতক রয়েছেন। এতে জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সমস্যার আশু সমাধানের লক্ষ্যে এই সংশোধনী আনা হচ্ছে।
যে পরিবর্তন আনা হয়েছে
১) ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’-এ ১৩(ক) ও ২৫(ক) নামে দুটি ধারা যোগ করা হয়েছে। ১৩ (ক) তে সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের জনস্বার্থে অপসারণ ও ২৫ (ক) তে সরকারকে এসব পদে প্রশাসক নিয়োগের ক্ষমতা দিয়েছে।
২) ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এ ৩২(ক) ও ৪২(ক) নামে দুটি ধারা যুক্ত করা হচ্ছে। এই ধারা দুটিও সরকারকে একই ক্ষমতা দিয়েছে।
৩) প্রস্তাবিত ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এ ১০(ক) ও ধারা ৮২(ক) নামে দুটি ধারা যোগ করা হয়েছে। পূর্বে উল্লেখিত আইনগুলোর ন্যায় এখানেও প্রতিনিধিদের অপসারণ ও প্রশাসক নিয়োগের ক্ষমতা দেয়া হয়েছে সরকারকে।
৪) একই ধরনের পরিবর্তন এসেছে ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এ। এখানে সংযুক্ত হচ্ছে ১৩(ঘ) ও ১৩(ঙ) নামে দুটি ধারা।

For all latest news, follow The Financial Express Google News channel.